© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডের মানুষ এখনো নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
সীতাকুণ্ডের মানুষ এখনো নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ০৯ মে, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলেও এখানকার মানুষ এখনো নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি বৃদ্ধি, বেড সংকট দূর করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

শুক্রবার (৮ মে) দুপুরে সীতাকুণ্ডে এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসলাম চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে দুই নেতার মধ্যে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, শিল্পাঞ্চল সীতাকুণ্ডের উন্নয়ন এবং স্থানীয় জনগণের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে শয্যা সংখ্যা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটি দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো।

এসময় এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছালেহ উদ্দিন সিফাতসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেএন/টিএ

মন্তব্য করুন