নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩১ পিএম | ০৯ মে, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) বাস্তবায়ন করা।
শনিবার (৯ মে) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যে, দেশে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের উপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম তা বাস্তবায়ন করা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন কঠিন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনে আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন। আপনারা সকলে পরতে পরতে সেটি অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে ও ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে সেটি ছিলো বিএনপির ইশতেহার। নির্বাচনের পর সেটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা এখন সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না।
এসকে/টিএ