সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
১১:৪২ পিএম | ০৯ মে, ২০২৬
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও বেড়ে গরমের দাপট। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থায় রোববার (১০ মে) সকালের মধ্যেই দেশের ৭ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রোববার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের তাড়াশে দেশের সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি এই সময়ে নওগাঁর বাদলগাছীতে ৫ মিলিমিটার ছাড়াও বগুড়া ও খুলনার কয়রায় ২, বাগেরহাটের মোংলায় ১ মিলিমিটারসহ ফরিদপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমআর/টিএ