দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা, উচ্চ সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
০১:৫৬ এএম | ১০ মে, ২০২৬
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (৯ মে) দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা শহরের বিভিন্ন সংবেদনশীল স্থানে নজরদারি জোরদার করেছে।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) মার্গে অবস্থিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দপ্তর ও আশেপাশের সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত সশস্ত্র পুলিশ মোতায়েন, ব্যারিকেড স্থাপন এবং যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় দিল্লির গুরুত্বপূর্ণ কার্যালয় ও জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা, গাড়িবোমা বিস্ফোরণ, গুলিবর্ষণ বা সমন্বিত হামলার বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেছেন।
পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক কার্যালয়, বাজার ও পরিবহন কেন্দ্রগুলোর পাশাপাশি জনবহুল স্থানগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ ইউনিট এবং কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি)-সহ দিল্লি ফায়ার সার্ভিসকেও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
সন্দেহভাজন গতিবিধি, পরিত্যক্ত বস্তু এবং সংবেদনশীল এলাকায় পার্ক করা যানবাহনের ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পাশাপাশি আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল জেলার পুলিশ ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করতে বলা হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সূত্র: এনডিটিভি
এমআর/টিএ