আমার মতো কৃষকরে প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী বানিয়েছেন তাই কৃতজ্ঞতা: আমিন উর রশিদ
ছবি: সংগৃহীত
০৩:০৪ এএম | ১০ মে, ২০২৬
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব ভার নেন তখন তিনি খাল কাটা দিয়েই দেশের উন্নয়ন শুরু করেছিলেন। এর আগে দেশের কোনো নেতা এই চিন্তা করে নাই। এই কাজ শুরু করেছিলেন, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
শনিবার (৯ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের শহীদ মিনার চত্তরে উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এই দেশের দায়িত্ব জনগণ তুলে দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। দেশনেত্রী খালেদা জিয়া এই দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনিই দেশে প্রথম কৃষকের কৃষি ঋণ মওকুফ করেছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, আমার মতো একজন কৃষকরে তিনি কৃষিমন্ত্রী বানিয়েছেন। জাতে জাতে না মিললে আত্নীয়তা হয় না। আপনারাও কৃষক আমিও কৃষক। কথা পরিষ্কার এদেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। কৃষির সাথে জড়িত। কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। দেশের অথনীতি সমৃদ্ধি হবে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের নিয়ে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করতেন, বেগম খালেদা জিয়া চিন্তা করতেন, কৃষকদের অর্থনীতি নিয়ে সেভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও চিন্তা করেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।
তিনি বলেন, হাতে ভোটের কালি মোছার আগেই ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে। হাতের কালি মোছার আগেই সারা বাংলাদেশে খাল খনন শুরু করেছে। তার মানে আমরা কর্মে বিশ্বাসী। রাজনীতি মানে মানুষের কল্যাণে রাজনীতি।
তিনি আরো বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশের ভূমিপুত্র। সকল জাতি ধর্ম-বর্ণের মানুষ আমরা এক সাথে বসবাস করবো।
এসময় মন্ত্রী নাসিরনগরে হাওরে কৃষকদের সুরক্ষায় বজ্রপাত নিরোধ শেলটার নির্মাণ, কৃষকদের জন্য হাওড়ে টেকসই রাস্তা নির্মাণ, খাল খনন এবং হাওড় পাড়ে কৃষি পণ্যের সুরক্ষায় হিমাগার নির্মাণের কথাও জানান।
পরে তিনি হাওড়ে ধানের জমি দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানেন পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন এসময় ক্ষতিগ্রস্ত ২৫০ জন কৃষকের হাতে ৩০ কেজি করে চালও তুলে দেন কৃষিমন্ত্রী।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোস্তফা এমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী দুপুরে নাসিরনগর ডাক বাংলো এলাকায় হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এমআর/টিএ