© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে গ্রেপ্তার ১১ হাজারেরও বেশি অভিবাসী

শেয়ার করুন:
সৌদিতে গ্রেপ্তার ১১ হাজারেরও বেশি অভিবাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ১০ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ১৫৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪০৩ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে ১১ হাজার ২৭২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

একই সময়ে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় কিংবা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের বিষয়ে সতর্ক করে দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের কাজের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আইন লঙ্ঘনকারীদের বিষয়ে নির্দিষ্ট জরুরি নম্বরে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: গালফ নিউজ।

এমআই/টিএ

মন্তব্য করুন