যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের স্পষ্ট জবাব দিল ইরান
ছবি: সংগৃহীত
০৯:৩১ এএম | ১১ মে, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে দেওয়া সর্বশেষ মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব জমা দিয়েছে ইরান। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা রোববার এক প্রতিবেদনে জানায়, ইরান তাদের জবাব পাকিস্তানের কাছে জমা দিয়েছে, যারা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা পালন করছে।
ইরনা জানায়, ইরানের জবাবে বলা হয়েছে, বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেবল যুদ্ধ বন্ধের প্রচেষ্টার ওপরই কেন্দ্রীভূত থাকা উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধসহ অন্যান্য বিষয় পরবর্তী ধাপে আলোচনায় আনা যেতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এই সপ্তাহে ঘোষণা দিয়েছিল যে, বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা শেষে তারা মার্কিন প্রস্তাবের চূড়ান্ত জবাব দেবে।
মার্কিন প্রস্তাবটি এসেছিল ইরানের দেওয়া ১৪ দফা পরিকল্পনার জবাবে, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ করা।
সর্বশেষ ইরানি জবাবে সব ধরনের আগ্রাসন বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে, যার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলাও অন্তর্ভুক্ত। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্র ১১-১২ এপ্রিল ইসলামাবাদে নিবিড় আলোচনা চালায়। এর চার দিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসন থামানোর উদ্দেশ্যে করা হয়েছিল।
ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের “অতিরিক্ত কঠোর” দাবির কারণে আলোচনা ভেঙে পড়ে।
বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম প্রধান অচলাবস্থা হলো পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল পুনরায় চালু করা। আগ্রাসনের শুরুর দিক থেকেই এই প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে।
ইরান জানিয়েছে, যদি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হয় এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেয়, তাহলে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত।
তেহরানের কর্মকর্তারা বলেছেন, সমঝোতায় পৌঁছানোর প্রথম ধাপে নৌ চলাচল ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী ধাপের আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করতে প্রস্তুত তারা।
ইউটি/টিএ