ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর পরিদর্শন, জানাল তেহরান
ছবি: সংগৃহীত
০৭:৫৩ এএম | ১০ নভেম্বর, ২০২৬
ইরানের একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কয়েক দিন আগে দেশটির বুশেহর শহরে এ পরিদর্শন চালানো হয় বলে সোমবার (৯ নভেম্বর) জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। খবর সিবিএস নিউজের।
ইরানি সাংবাদিকদের বাঘায়ি বলেন, আইএইএর পরিদর্শকরা কয়েক দিন আগে বুশেহরে একটি স্থাপনা পরিদর্শন করেছেন। শহরটিতে ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
তিনি বলেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইরানের স্থাপনাগুলোর ওপর আগ্রাসনে সংঘটিত দোষ ও অন্যায়কে উপেক্ষা করে অবস্থান গ্রহণের মাধ্যমে তাদের আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ভিয়েনায় অবস্থিত ইরানের মিশন এবং সংস্থাটির মধ্যে পেশাদারী যোগাযোগ অব্যাহত রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক পরিদর্শন এই নিয়ন্ত্রিত সহযোগিতায় ধারাবাহিকতার প্রমাণ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, তেহরান বারবার দাবি করে আসছে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো বেসামরিক কাজেই তারা পারমাণবিক উপাদান ব্যবহার করে।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানোর পর দেশটির সব পারমাণবিক স্থাপনায় আইএইএর পরিদর্শন স্থগিত করা হয়েছিল।
এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।
সূত্র : সিবিএস নিউজ
এমআর/