আলভারেজকে দলে টানার লড়াইয়ে নামছে পিএসজি!
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ১২ মে, ২০২৬
দারুণ পারফরম্যান্স করেও অ্যাতলেটিকো মাদ্রিদে আরও একটি মৌসুম শিরোপাশূন্য কাটাচ্ছেন হুলিয়ান আলভারেজ। ফলে নতুন করে দলবদলের বাজারে আলোচনায় এই আর্জেন্টাইনের নাম। ফরাসি এক ক্রীড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউরোপের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবার অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে।
অ্যাকচুফুটের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির স্প্যানিশ কোচ আলভারেজকে নিজের আক্রমণভাগের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন এবং রিভার প্লেটের এই সাবেক তারকার প্রতি তার বিশেষ মুগ্ধতাও রয়েছে। এমনকি এই আর্জেন্টাইনকে দলে টানতে পিএসজি ইতোমধ্যেই বছরে প্রায় ১ কোটি ইউরোর বেতনের প্রস্তাব দিয়েছে বলেও জানা গেছে।
প্যারিসিয়ানদের ধারণা, বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের খেলার ধরন লুইস এনরিকের গতিময় কৌশলের সঙ্গে পুরোপুরি মানানসই। আলভারেজের চলাফেরা, প্রেসিং এবং গোল করার দক্ষতা; এসব গুণকে তারা বিশেষভাবে মূল্যায়ন করছে। বর্তমানে পিএসজির আক্রমণভাগে আছেন ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে এবং খিচা কাভ্রাৎস্খেলিয়া।
শুধু পিএসজি নয়, ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবও পরিস্থিতির দিকে নজর রাখছে। আর্সেনাল এবং বার্সেলোনাও আলভারেজের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে খোঁজখবর নিয়েছে। বিষয়টি স্বীকারও করেছেন অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, 'ওকে সবাই চাইবে, এটা স্বাভাবিক। কারণ সে খুবই ভালো খেলোয়াড়।'
সংখ্যাগুলোই বড় ক্লাবগুলোর আগ্রহের কারণ ব্যাখ্যা করে। চলতি মৌসুমে লাল-সাদা জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন এই স্ট্রাইকার, যা তার বাজারমূল্য অনেক বাড়িয়ে দিয়েছে।
মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, অ্যাতলেটিকো মাদ্রিদ আলভারেজকে বিক্রি করতে চাইলে প্রায় ১০০ মিলিয়ন ইউরো দাবি করবে। তবে স্কাই স্পোর্টস জানিয়েছে, এই অঙ্ক ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্তও যেতে পারে। এমনও খবর রয়েছে যে, গত মৌসুমে আর্সেনালের ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও নাকচ করা হয়েছিল।
ফ্রান্সে অবশ্য ট্রান্সফারের খরচ কমানোর উপায়ও ভাবা হচ্ছে। পিএসজি নাকি নগদ অর্থের পাশাপাশি গনসালো রামোস এবং ক্যাং-ইন লিকে চুক্তির অংশ করার চিন্তা করছে। তবে অ্যাতলেটিকো তাদের অবস্থানে অনড়। আলভারেজের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।
কয়েক সপ্তাহ আগে নিজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়াতে চাননি আলভারেজ নিজেও। তিনি বলেন, 'আগামী মৌসুমে আমি এখানে থাকব কি না? জানি না, হতে পারে হ্যাঁ, হতে পারে না। আমি এখানে সুখেই আছি। প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করছি। আমি কখনও ক্লাব সম্পর্কে খারাপ কিছু বলিনি। আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হয়, যে কেউ যা খুশি লিখতে পারে, আর সেগুলোই বড় হয়ে যায়। কিন্তু আমি কখনও কিছু বলিনি।'
টিজে/টিএ