© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ১২ মে, ২০২৬
রাস্তায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে নিলেই গুনতে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা। সিঙ্গাপুরের কঠোর আইনের এমন এক সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা সিনহা নামের এক ভারতীয় নারী। তার এই পোস্ট দেখে নেটিজেনদের রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। খবর এনডিটিভির। 

সিঙ্গাপুরে বসবাসরত প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, দেশটিতে সরকারি জায়গায় লাগানো গাছগুলো রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া তো দূরের কথা, এমনকি নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে নেওয়াও দণ্ডনীয় অপরাধ। প্রিয়াঙ্কার এই পোস্টের নিচে এখন মন্তব্য ও প্রতিক্রিয়ার ঝড় বইছে। বিশেষ করে ভারতীয় নেটিজেনরা সিঙ্গাপুরের এই আইনের সঙ্গে নিজ দেশের পরিস্থিতির তুলনা করছেন। অনেকে মজা করে বলছেন, এমন নিয়ম দক্ষিণ এশিয়ার শহরগুলোতে প্রয়োগ করা এককথায় অসম্ভব।

সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ের (এমএনডি) ওয়েবসাইট অনুযায়ী, রাষ্ট্রীয় জমিতে থাকা গাছ এবং তার ফল সবই রাষ্ট্রের সম্পদ। ন্যাশনাল পার্কস বোর্ড (এনপার্কস) এসব গাছ দেখাশোনা করে। কেউ যদি সরকারি পার্ক থেকে অনুমতি ছাড়া ফল সংগ্রহ করে, তবে ‘পার্কস অ্যান্ড ট্রিস অ্যাক্ট’-এর আওতায় তাকে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর এই ঘটনা যদি কোনো সংরক্ষিত প্রাকৃতিক এলাকা বা জাতীয় উদ্যানে ঘটে, তবে জরিমানার পরিমাণ ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে অথবা ৬ মাসের কারাদণ্ড হতে পারে।

আলোচনার একপর্যায়ে এক ব্যবহারকারী মজা করে জানতে চান, যদি পোষা প্রাণী ফল কুড়াতে সাহায্য করে তবে কী হবে? এর জবাবে অপর একজন জানান, সিঙ্গাপুরে পোষা প্রাণীকে মালিকেরই অংশ হিসেবে গণ্য করা হয়। ফলে পোষা প্রাণী ফল কুড়ালে আইনিভাবে ধরে নেওয়া হবে যে মালিকই তাকে দিয়ে এই কাজ করিয়েছেন। মূলত পরিচ্ছন্নতা, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সিঙ্গাপুরের কঠোর আইনের সুনাম বিশ্বজুড়ে। 

কর্তৃপক্ষের মতে, এই কঠোর বিধিবিধানের কারণেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে সাধারণ একটি আম কুড়ানোর জন্য এত বড় শাস্তির বিধান অনেককেই অবাক করেছে।

এবি/টিএ

মন্তব্য করুন