ভারতে এক দিনেই বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
১২:০০ পিএম | ১৩ মে, ২০২৬
ভারত সরকার মূল্যবান ধাতু আমদানির ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই দেশটির বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার (১৩ মে) সকালে লেনদেন শুরু হতেই অভ্যন্তরীণ বাজারে এই দুই ধাতুর দাম ৭ শতাংশের বেশি বেড়ে গেছে।
সরকারি ঘোষণার পর দেশীয় বাজারে স্বর্ণের দাম ৭.২% বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৬৪,৪৯৭ রুপিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, রুপার দাম ৮% বেড়ে প্রতি কেজি ৩,০১,৪২৯ রুপিতে পৌঁছেছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
বুধবার জারি করা একটি সরকারি আদেশে জানানো হয় যে, সোনা ও রুপার ওপর আমদানি শুল্ক আগের ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে দুটি প্রধান কারণ জানিয়েছে সরকার। বিদেশ থেকে এসব মূল্যবান ধাতু কেনা বা আমদানির পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো।
বিশ্ববাজারে অস্থিরতা ও দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ভারত সরকারের এই কঠোর পদক্ষেপের ফলে স্থানীয় বাজারে গয়না ও মূল্যবান ধাতুর দাম আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স