© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিলামে উঠছে ১১৪ বছর আগের টাইটানিক দেখার বিরল টিকিট

শেয়ার করুন:
নিলামে উঠছে ১১৪ বছর আগের টাইটানিক দেখার বিরল টিকিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে প্রথম যাত্রা শুরু করেছিল টাইটানিক। জাহাজটির সেই ঐতিহাসিক যাত্রা দেখতে উপস্থিত ছিলেন এলিজা ডিবডেন। সেদিন তার ১৮ বছর বয়সী ছেলে উইলিয়ামও উঠেছিলেন জাহাজটিতে। কিন্তু টাইটানিকের সেই যাত্রাই হয়ে ওঠে তার শেষ যাত্রা। ছেলের বিদায়ের মুহূর্তে ব্যবহৃত এলিজার সেই বিরল টিকিট এবার নিলামে তোলা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, টাইটানিকের প্রথম যাত্রা শুরুর মুহূর্ত সরাসরি দেখার জন্য ব্যবহৃত একটি বিরল টিকিট নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, টিকিটটির দাম উঠতে পারে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত।

নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেডের অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘এই ধরনের টিকিট এর আগে কখনো নিলামে তোলা হয়নি।’

আগামী শনিবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরে নিলামে উঠবে টিকিটটি। এটি থেকে সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কার্ডটিতে হোয়াইট স্টার লাইনের পতাকা রয়েছে। এটি জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে লেখা হয়েছিল। টিকিটে লেখা আছে, ‘মি. ট্যালবট ও তার দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

কার্ডটিতে ‘সেকেন্ড ক্লাস’ সিল দেয়া রয়েছে এবং তারিখ হিসেবে লেখা আছে ১০ এপ্রিল ১৯১২। পেছনে হাতে লেখা একটি নোটে উল্লেখ রয়েছে, ‘মিসেস ডিবডেন ও তার দুই বোন’।

জানা যায়, নিউ ফরেস্টের বাসিন্দা উইলিয়াম তার চাচাতো ভাই অ্যামব্রোস হুড এবং আরও কয়েকজন তরুণের সঙ্গে টাইটানিকে ভ্রমণ করছিলেন। ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেলে প্রাণ হারান উইলিয়াম। ওই দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়।

উইলিয়ামের মরদেহ উদ্ধার করা হয়ে থাকলেও সেটি কখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ব্র্যামশোর সেন্ট পিটার্স চার্চে তার মা-বাবার সমাধিফলকে তার স্মৃতি সংরক্ষিত রয়েছে।

টিকিটটির সঙ্গে উইলিয়ামের প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও বিক্রি করা হচ্ছে। ১৯০৮ সালের ইস্টার উৎসবের সময় সনদটি দেয়া হয়েছিল।

টিকিটটি সম্পর্কে অ্যালড্রিজ বলেন, ‘২৫ বছরের মধ্যে এই ধরনের কার্ড এটিই প্রথম আমাদের চোখে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে ওঠা টাইটানিক-সংশ্লিষ্ট স্মারকগুলোর মধ্যে এটি অন্যতম বিরল।’

নিলামের এই প্যাকেজে টাইটানিকের জাহাজের কাঠামোর বিমা-সংক্রান্ত একটি হিসাবের খাতাও রয়েছে। পাশাপাশি জাহাজটির জ্যেষ্ঠ বেতার অপারেটর তার প্রথম যাত্রার কয়েক দিন আগে বোনকে যে বিরল পোস্টকার্ডটি লিখেছিলেন, সেটিও নিলামে তোলা হবে।

একেএস



মন্তব্য করুন