পরিচ্ছন্নতাকর্মী হত্যা মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর ফের গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:১১ পিএম | ১৩ মে, ২০২৬
রাজধানীর কোতোয়ালি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ভিকটিম রিপন (৩৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সরকারের সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. জাহাঙ্গীর আলমকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।বুধবার (১৩ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন। জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালতে এ সাবেক সচিব জাহাঙ্গীরকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়। তিনি খুব অসুস্থ। তাকে এ অবস্থায় শুধু হেনস্তা করার জন্য হুইলচেয়ারে করে আনা হয়েছে। মামলাটি করা হয়েছে ২৪ সালে, ১৯ মাস হয়ে গেছে, এখনো তদন্ত প্রতিবেদন আসেনি। তিনি সচিব থাকাকালীন শুধু দায়িত্ব পালন করেছেন। তার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের সুযোগ ছিল না।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় কোতোয়ালি থানাধীন সদরঘাট ডিআইটি বাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম রিপন গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট দিবাগত রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক সচিব জাহাঙ্গীর আলম বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।
আরআই/এসএন