বদলি হজ করতে পারবেন কে?
ছবি: সংগৃহীত
০৫:৫০ পিএম | ১৩ মে, ২০২৬
হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ আদায়ে বিলম্ব করেন এবং পরে অসুস্থতা, বার্ধক্য কিংবা মৃত্যুর কারণে নিজে হজ করতে অক্ষম হয়ে পড়েন, তাহলে ইসলামী শরিয়তে তার জন্য রয়েছে বদলি হজের বিধান। অনেকেই বদলি হজ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে বিভ্রান্তিতে পড়েন- কারা বদলি হজ করতে পারবেন, জীবিত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে কি না, মৃত ব্যক্তি সওয়াব পাবেন কি না- এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। ইসলামী শরিয়তের আলোকে বদলি হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সহজ উত্তর তুলে ধরা হলো-
কোনো ব্যক্তি যদি শারীরিক অক্ষমতা, অতি বৃদ্ধ হওয়া বা মৃত্যুর কারণে নিজে হজ করতে না পারেন, তবে তার পক্ষ থেকে অন্য কেউ হজ পালন করাকে বদলি হজ বলা হয়। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে উল্লেখ আছে, এক নারী তার অতি বৃদ্ধ বাবার পক্ষ থেকে হজ করার অনুমতি চাইলে নবীজি (সা.) তাকে সেই অনুমতি দেন। মূলত এই হাদিসটিই বদলি হজের ভিত্তি।
২. ইসলামে বদলি হজের বৈধতা কতটুকু?
ইসলামে বদলি হজের পূর্ণ অনুমোদন রয়েছে। পবিত্র কুরআনের সুরা আল-ইমরানে বলা হয়েছে, মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) যাওয়ার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা আবশ্যক। কোনো ব্যক্তি স্থায়ীভাবে সামর্থ্য হারালে তার প্রতিনিধি নিয়োগের বিধান ওলামায়ে কেরামরা দিয়েছেন।
৩. বদলি হজ করতে পারবেন কে?
নিজের ফরজ হজ আদায় করেছেন এমন ব্যক্তিকে বদলি হজে পাঠানো উত্তম। যে ব্যক্তি এখনো নিজের হজ করেনি, তাকে হজে পাঠানো মাকরুহে তানজিহি অর্থাৎ অনুত্তম। তারপরও যদি হজে যায়, তাহলে বদলি হজ আদায় হয়ে যাবে। অতএব, এমন মানুষকে পাঠানো উচিত, যে একবার হজ করেছে। চাই সে ধনী হোক বা দরিদ্র- এ ক্ষেত্রে ধনী-দরিদ্রের কোনো পার্থক্য নেই।
৪. মৃত ব্যক্তির পক্ষ থেকে কি বদলি হজ করা যায়?
হ্যাঁ, মৃত প্রিয়জনের পক্ষ থেকে বদলি হজ করা তাদের জন্য অন্যতম সেরা উপহার। এর মাধ্যমে মৃত ব্যক্তি হজের সওয়াব লাভ করেন এবং এটি তার জন্য সদকায়ে জারিয়ার মতো কল্যাণ বয়ে আনে।
৫. জীবিত ব্যক্তির পক্ষে থেকে বদলি হজ আদায় করা যাবে?
জীবিত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ শুধু তখনই করা যাবে, যখন তিনি স্থায়ীভাবে অক্ষম হবেন। যেমন- এমন কোনো দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক প্রতিবন্ধকতা, যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। সাময়িক অসুস্থতার ক্ষেত্রে বদলি হজ প্রযোজ্য নয়। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বানুমতি থাকাও জরুরি।
৬. মৃত ব্যক্তি কি হজের পূর্ণ সওয়াব পাবেন?
অবশ্যই। যেহেতু নিয়ত বা সংকল্প তার নামেই করা হচ্ছে, তাই তিনি এর পূর্ণ সওয়াব পাবেন। এটি তাদের জন্য একটি শক্তিশালী সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে।
৭. একজন ব্যক্তি কি একাধিক মানুষের পক্ষে বদলি হজ করতে পারেন?
না, একজন হাজি এক মৌসুমে শুধু একজনের পক্ষেই বদলি হজ পালন করতে পারেন। একাধিক ব্যক্তির জন্য হজ করতে হলে আলাদা আলাদা হাজি বা প্রতিনিধির প্রয়োজন হবে।
বদলি হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একজন মুসলমানের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের প্রতীক। যারা জীবদ্দশায় হজ আদায় করতে পারেননি কিংবা অক্ষম হয়ে পড়েছেন, তাদের জন্য বদলি হজ এক গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে আসে। তাই এই ইবাদত পালনের ক্ষেত্রে শরিয়তের বিধান সঠিকভাবে জানা এবং তা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। কারণ, একটি পবিত্র আমানত যথাযথভাবে আদায় করাই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব।
এসকে/টিকে