© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থানীয় নির্বাচন বিধিমালার তুলনামূলক রূপরেখা তৈরির নির্দেশ ইসির

শেয়ার করুন:
স্থানীয় নির্বাচন বিধিমালার তুলনামূলক রূপরেখা তৈরির নির্দেশ ইসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ১৪ মে, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের প্রচলিত নিয়মকানুন পরিমার্জনে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সর্বস্তরের স্থানীয় সরকার নির্বাচনে অভিন্ন ও যুগোপযোগী নিয়ম প্রবর্তনে বিভিন্ন বিধির তুলনামূলক চিত্র প্রস্তুত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এ নিয়ে ইসি গঠিত আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটি প্রথম বৈঠক হয়েছে। কমিটির প্রধান ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে বৈঠকে ইসির নির্বাচন পরিচালনা ও আইন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ‘সরকার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের মূল আইনে যেসব পরিবর্তন এনেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিধিমালা সংশোধন করা জরুরি। কর্মকর্তারা এখন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনের তুলনামূলক বিশ্লেষণ করবেন।’

এর আগে কমিশনার আভাস দিয়েছিলেন যে, আসন্ন সংশোধনীতে প্রার্থী সংখ্যা কমাতে জামানত বৃদ্ধি, পরিবেশ রক্ষায় পোস্টার ব্যবহারের সীমাবদ্ধতা এবং ইভিএমের পরিবর্তে পুনরায় কাগজের ব্যালটে ভোটগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে।

চলতি বছরের মধ্যেই যেহেতু কয়েক হাজার স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে, তাই দ্রুততম সময়ের মধ্যে এই আইনি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এক বছরে প্রায় চার হাজার ১০০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্যানুযায়ী, দেশের মোট ইউনিয়ন পরিষদ আছে চার হাজার ৫৮১টি। চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে তিন হাজার ৭৫৫টি ইউনিয়ন এবং আগামী বছরে উপযোগী হবে ৩৪৯টি।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন