চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
ছবি: সংগৃহীত
০৮:৫০ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরের খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের প্রতিষ্ঠানে ভাঙচুরের চালায়।
আটককৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানজিল ইসলাম ও নগর ছাত্রলীগের সদস্য অনিক দত্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠিসোঁটা হাতে খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। এরপর তারা সেখানে ভাঙচুর চালান। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিএনপি নেতা মোহাম্মদ শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজা, একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
কেএন/