© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চামড়া শিল্প হবে বিলিয়ন ডলারের রপ্তানি খাত: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
চামড়া শিল্প হবে বিলিয়ন ডলারের রপ্তানি খাত: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৫ মে, ২০২৬
দেশের চামড়া শিল্প অচিরেই বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ খাতকে সম্ভাবনাময় করে তুলতে সরকার সব ধরনের দুর্বলতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিভাগীয় পর্যায়ে '৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ' এবং 'বিজ্ঞান মেলা'র উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

কওমি মাদ্রাসাগুলোর পক্ষ থেকে কোরবানির চামড়া সংগ্রহ না করার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ঘোষণা মূলত দীর্ঘদিনের হতাশা থেকে এসেছে। তবে রাতারাতি বা মাত্র আড়াই মাসে এই শিল্পের সব পুঞ্জীভূত সমস্যা সমাধান করে কাঙিক্ষত লক্ষ্যে নিয়ে আসা সম্ভব নয়। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতের সংকট নিরসনে কাজ করছে। আসন্ন কোরবানির মৌসুমে যেন একটি চামড়াও নষ্ট না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

বিজ্ঞান মেলা প্রসঙ্গে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে বলেন, তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেখে যে কেউ মুগ্ধ হবেন। মেলায় প্রদর্শিত বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো এগিয়ে নিতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তহবিলের (ফান্ড) ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মেলায় বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি নানা প্রতিযোগিতামূলক ইভেন্ট থাকছে। মেলার প্রথম দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প উপস্থাপন করেন।

মেলার দ্বিতীয় দিন (১৬ মে) সকাল ১০টায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ২টায় 'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সমাপনী দিন ১৭মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে 'বিজ্ঞান অলিম্পিয়াড'। একই দিন বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।

এমআই/টিকে

মন্তব্য করুন