খুলনায় ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ছবি: সংগৃহীত
০১:১১ এএম | ১৬ মে, ২০২৬
খুলনা মহানগরীর নির্মাণাধীন এক ছয় তলা ভবন থেকে পড়ে গিয়ে দুলাল (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হন ওই শ্রমিক। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের নির্মাণাধীন ছয় তলা ভবনে রডের কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইকে/টিএ