টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক
ছবি: সংগৃহীত
০৬:১৪ এএম | ১৬ মে, ২০২৬
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় বিজিবির নারী সদস্যরা তল্লাশি চালিয়ে তাঁদের আটক করেন।
আটকরা হলেন- টেকনাফের উলুবনিয়া গ্রামের মো. আয়ুবের স্ত্রী রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া (২০)।
বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুরে দুই নারীকে বেড়িবাঁধের দিক থেকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে সন্দেহ হয় টহল দলের। এ সময় বিজিবির নারী সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের দেহ তল্লাশি করে বোরকার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারী চোরাকারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
অধিনায়ক জহিরুল ইসলাম আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক হওয়া মা ও মেয়েকে জব্দ করা ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমআর/টিএ