© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ১৬ মে, ২০২৬
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের মারাং জেলার বুকিত পায়ুং এলাকায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা সেজে একদল স্থানীয় দুষ্কৃতকারী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কামপুং সুরাও হাজি ইয়াকুব এলাকার একটি নির্মাণাধীন বাংলো বাড়ির শ্রমিক ক্যাম্পে এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ৩০ বছর বয়সি ওই বাংলাদেশি শ্রমিকের নাম বিলাল মাজি। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুয়ালা তেরেঙ্গানুর সুলতানা নূর জহিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ সোফিয়ান রেদজুয়ান জানান, ঘটনার সময় বিলাল ও তার সহকর্মীরা শ্রমিক ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ দুই স্থানীয় ব্যক্তি সেখানে এসে নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দেন এবং তল্লাশির নামে তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন দাবি করেন। এতে বিলালের সন্দেহ হলে তিনি কৌশলে পাশে থাকা অন্য সহকর্মীদের ডেকে জড়ো করেন। এতে ক্ষিপ্ত ও আতঙ্কিত হয়ে ছদ্মবেশী ওই ডাকাত দল পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।

একপর্যায়ে তাদের সাথে যোগ দেয় মোটরসাইকেলে আসা আরও এক সহযোগী। অপরাধীদের মধ্যে অন্তত দুইজন আকস্মিক চাপাতি বের করে বিলালকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে বিলালের মাথা ও আঙুলে মারাত্মক জখম হয়। তবে আত্মরক্ষার্থে শ্রমিকদের পাল্টা প্রতিরোধে দুই হামলাকারীও মাথায় ও ভ্রুতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এই সুযোগে এক হামলাকারী মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুইজনকে আহত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন ২৯ বছর বয়সি স্থানীয় নির্মাণ শ্রমিক এবং প্রাথমিক পরীক্ষায় তার শরীরে মেথামফেটামিন (মাদক) পজিটিভ এসেছে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশের গোয়েন্দা কুকুর এবং ফরেনসিক দল মোতায়েন করে রক্তমাখা চাপাতি ও জুতোসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে সশস্ত্র ও দলবদ্ধ ডাকাতির অভিযোগে (দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারা) তদন্ত শুরু হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন