© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনে ভিকিকে আবেগঘন বার্তা বাবা শ্যাম কৌশলের

শেয়ার করুন:
জন্মদিনে ভিকিকে আবেগঘন বার্তা বাবা শ্যাম কৌশলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ১৬ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের তালিকায় এখন প্রথম সারিতেই নাম আসে ভিকি কৌশলের। একের পর এক সফল ছবি, অভিনয়ের প্রশংসা আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে তিনি। শুক্রবার ৩৮ বছরে পা দিলেন ‘সর্দার উধম’ খ্যাত এই অভিনেতা। আর বিশেষ এই দিনে অনুরাগীদের শুভেচ্ছার ভিড়ের মাঝেই সবচেয়ে বেশি নজর কেড়েছে বাবা  আবেগঘন বার্তা।

বলিপাড়ায় ‘বাবা-ছেলে’ জুটি হিসেবে আলাদা জনপ্রিয়তা রয়েছে শ্যাম ও ভিকির। একদিকে বলিউডের পরিচিত অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল, অন্যদিকে তাঁরই ছেলে আজ ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা। বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক যে গভীর বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা, তা আরও একবার স্পষ্ট হল জন্মদিনের পোস্টে।

ভিকির জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ঘরোয়া মুহূর্তের ছবি ভাগ করে নেন শ্যাম কৌশল। সেখানে বাবা-ছেলেকে দেখা যায় একেবারে সহজ, স্বাভাবিক মেজাজে। ছবির আবহে ছিল জন্মদিনের জনপ্রিয় গান। আর সেই পোস্টের ক্যাপশনেই ছেলেকে আদর করে ‘পুত্তর’ বলে সম্বোধন করেন শ্যাম।

তিনি লেখেন, “তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পুত্র। ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকুক। আমার ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদ সবসময় তোমার পাশে থাকবে। তোমার মতো ছেলে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।”



শেষে পঞ্জাবি আবেগে ভরা শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, “রাব দি মেহের বানি রাহে... জোর দি ঝাপ্পি।” আর এই কয়েকটি লাইনই মুহূর্তের মধ্যে মন ছুঁয়ে যায় নেটদুনিয়ার।

সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভাসিয়ে দেন ভালোবাসায়। অনেকেই লিখেছেন, তারকাখচিত দুনিয়ার মধ্যেও ভিকি ও তাঁর পরিবারের সহজ সম্পর্ক বরাবরই আলাদা করে নজর কেড়েছে। কেউ আবার বলছেন, একজন সফল অভিনেতার পিছনে তাঁর পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, সেই ছবিই যেন ধরা পড়েছে এই পোস্টে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বরাবর পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন ভিকি। ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পরও দুই পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক একাধিক বার সামনে এসেছে। আর জন্মদিনে বাবার এমন আবেগঘন শুভেচ্ছা যেন আরও একবার প্রমাণ করল, তারকাখ্যাতির আড়ালেও ভিকি এখনও পরিবারের আদরের ‘পুত্র’।

পিআর/টিকে

মন্তব্য করুন