ভারত ছাড়িয়ে যুক্তরাজ্যেও রাজত্ব করছে ‘রামায়ণ’
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
একদিকে মহাকাব্যিক প্রেক্ষাপট, অন্যদিকে বিশাল আয়োজনে একঝাঁক তারকা; আগে থেকেই অনুমান ছিলই, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ বক্স অফিসে দারুণ কিছু করবে। শুরুটা মন্দের ভালো দিয়ে হলেও ক্রমশ জোরালো দাপট তৈরি করছে সিনেমাটি।
মুক্তির পঞ্চম দিনে এসে রীতিমতো রেকর্ড গড়েছে ‘রামায়ণ’। ভারতে একদিনে সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়েছে এটি, পঞ্চম দিনে সিনেমাটির ১৬ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে ভারতে। এর আগে এক দিনে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল ‘ধুরন্ধর ২’ সিনেমার, সংখ্যাটা ১৬ লাখ ৪০ হাজার। শুধু তাই নয়, টিকিট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’তে এক ঘণ্টায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও এখন ‘রামায়ণ’-এর। গতকাল এক ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে সেখানে।
এদিকে যুক্তরাজ্যেও ইতিহাস গড়েছে ‘রামায়ণ’। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। পেছনে ফেলেছে ‘গডজিলা মাইনাস জিরো’কে। প্রথম উইকেন্ডে যুক্তরাজ্য-আয়ারল্যান্ডের বক্স অফিসে ‘রামায়ণ’ আয় করেছে ২৮ লাখ মার্কিন ডলার।

এর আগে এস এস রাজামৌলির ‘আরআরআর’, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এবং রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ সিনেমাগুলো যুক্তরাজ্যের বক্স অফিসে দ্বিতীয় স্থানে উঠতে পেরেছিল।
সোমবার (৯ নভেম্বর) মুক্তির পঞ্চম দিনে শুধু ভারতেই ‘রামায়ণ’ আয় করেছে ১২৬ কোটি রুপি। যা দীপাবলির পর হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ কালেকশন। পাঁচ দিন পেরিয়ে ‘রামায়ণ’-এর বৈশ্বিক আয় ৬৬০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, যেভাবে প্রতিনিয়ত সিনেমাটির আয় বাড়ছে, তাতে দীর্ঘমেয়াদে এটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে।
নমিত মালহোত্রার প্রযোজনায় ‘রামায়ণ’-এ রামের চরিত্রে আছেন রণবীর কাপুর, রাবণ হয়েছেন যশ, আর সীতার ভূমিকায় সাই পল্লবী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, লারা দত্তসহ আরও অনেকে।
এসএ/