© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরবর্তী ‘জেমস বন্ড’ হিসেবে জন আব্রাহামকে চান শেখর কাপুর

শেয়ার করুন:
পরবর্তী ‘জেমস বন্ড’ হিসেবে জন আব্রাহামকে চান শেখর কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ এএম | ১৭ মে, ২০২৬
জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার পর আর জেমস বন্ড চরিত্রে দেখা যায়নি ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে।

এরই মধ্যে নতুন জেমস বন্ড খোঁজার আলোচনা শুরু হতেই নিজের পছন্দের অভিনেতার নাম জানিয়েছেন ভারতীয় নির্মাতা শেখর কাপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শেখর কাপুর জানান, তার মতে পরবর্তী জেমস বন্ড হওয়া উচিত বলিউড অভিনেতা জন আব্রাহামের।



পোস্টে তিনি লেখেন, “ড্যানিয়েল ক্রেইগের পর পরবর্তী জেমস বন্ড হিসেবে আমার ভোট জন আব্রাহামের জন্য। তার মধ্যে ‘শেকেন, নট স্টার্ড’ ধরনের ব্যক্তিত্ব রয়েছে। পাশাপাশি তিনি একজন ভালো অভিনেতা এবং তার মধ্যে বন্ড চরিত্রের আলাদা আকর্ষণও আছে।”

একই পোস্টে শেখর কাপুর আরো জানান, তার নির্মিত ‘এলিজাবেথ’ সিনেমায় অভিনয় দেখেই নাকি প্রযোজকেরা ড্যানিয়েল ক্রেইগকে জেমস বন্ড চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন। শেখর কাপুরের এই প্রশংসার জবাবও দিয়েছেন জন আব্রাহাম।

তিনি লেখেন, “আপনার কথায় আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যিনি গল্প বলার ধরণ বদলে দিয়েছেন এবং বিশ্ব জেমস বন্ড হিসেবে দেখার আগেই ড্যানিয়েল ক্রেইগের প্রতিভা চিনতে পেরেছিলেন, তার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া আমার জন্য অনেক বড় বিষয়।”

মজার ছলে জন আরো লেখেন, “জেমস বন্ডের ব্যাপারে বলতে গেলে, আমি এখনই আমার মার্টিনি অর্ডার দেওয়ার অনুশীলন শুরু করতে পারি- ‘শেকেন, নট স্টার্ড’।”

উল্লেখ্য, ‘শেকেন, নট স্টার্ড’ সংলাপটি জেমস বন্ড সিরিজের অন্যতম জনপ্রিয় সংলাপ হিসেবে পরিচিত।

বর্তমানে জন আব্রাহাম ‘ফোর্স থ্রি’ সিনেমা এবং নির্মাতা রোহিত শেঠি পরিচালিত মুম্বাই পুলিশের সাবেক কমিশনার রাকেশ মারিয়ার জীবনীভিত্তিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন