প্রধানমন্ত্রী ৩ মাসেই জনগণের সামনে প্রতিশ্রুতি তুলে ধরছেন ও বাস্তবায়ন করছেন: পানিসম্পদমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:৫২ এএম | ১৭ মে, ২০২৬
প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তা পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরছেন ও বাস্তবায়ন করছেন। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পর থেকেই লক্ষ্মীপুরে ১২৫১ পরিবারের ফ্যামিলি কার্ডে আড়াই হাজার টাকা করে পৌঁছে যাবে। প্রতি মাসেই তারা এই অর্থ সহায়তা পাবেন। সরকারের পক্ষ থেকে এসব পরিবারগুলোর জন্য এটি একটি সহায়ক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। খাল ও নদীর সংযোগ পুনঃস্থাপন, জলাবদ্ধতা নিরসন সেই পরিকল্পনারই অংশ ছিল। অনুষ্ঠানে ১২৫১ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।’
এ দিকে সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরে বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড দ্বিতীয় পর্যায়ে ২০ ওয়ার্ডের ১৪ হাজার ৩৭০ জন পরিবারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় হয়ে টাকার ম্যাসেজ পৌঁছে যায়। এতে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় আরও বক্তব্য রাখেন: স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এইচ এম মেহেদী, আবু তারেক এবং সাহাব উদ্দিন সাবুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর/টিএ