‘টক্সিক’-এর মুক্তি পেছানো নিয়ে মুখ খুললেন তারা সুতারিয়া
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ১৭ মে, ২০২৬
সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ ঘিরে দর্শকদের আগ্রহ যেন দিন দিন আরও বাড়ছে। বছরের অন্যতম বড় ছবি হিসেবে ধরা হলেও মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও কৌতূহল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ছবির অভিনেত্রী তারা সুতারিয়া।
প্রথমে চলতি বছরের ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে ছবিটির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয় ৪ জুন। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়েও মুক্তি পাচ্ছে না ‘টক্সিক’। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা। কেন বারবার পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি, তা নিয়েই প্রশ্ন উঠতে থাকে দর্শকমহলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা সুতারিয়া জানান, একজন অভিনেত্রী হিসেবে তাঁর দায়িত্ব নির্দিষ্ট জায়গা পর্যন্তই সীমাবদ্ধ। ছবির মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজক ও পরিচালকদের হাতে থাকে বলেই মনে করেন তিনি। অভিনেত্রীর কথায়, একটি ছবি শুধু তাঁর একার নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পুরো টিমের পরিশ্রম ও পরিকল্পনা।
তারা বলেন, ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই যথেষ্ট কারণ রয়েছে এবং সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তাঁর মতে, দর্শকদের মতো তিনিও ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে এই অতিরিক্ত সময় শেষ পর্যন্ত ছবির জন্য ইতিবাচক ফলই বয়ে আনবে বলে বিশ্বাস করেন অভিনেত্রী।
তিনি আরও জানান, একটি বড় ছবিকে বিশ্বব্যাপী সঠিকভাবে পৌঁছে দিতে অনেক কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হয়। তাই অপেক্ষাটা যত দীর্ঘই হোক, শেষ পর্যন্ত দর্শকরা যেন সেরা অভিজ্ঞতা পান, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতের পরিস্থিতির কারণেও ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে যশ নিজেও জানিয়েছিলেন, ছবির কাজ প্রায় শেষ এবং এখন আন্তর্জাতিক পরিবেশনা ও অংশীদারিত্বের বিষয়গুলো চূড়ান্ত করতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অ্যাকশন ও অপরাধভিত্তিক এই ছবির টিজার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনায় আসে ‘টক্সিক’। বিশেষ করে টিজারের একটি দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছিল। তবে বিতর্কের মাঝেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি।
পিআর/টিকে