২য় দিনেই বক্স অফিসে গতি পেল আয়ুষ্মানের ছবি ‘পাতি পাত্নী অর ওহ দো’
ছবি: সংগৃহীত
১০:৪৬ এএম | ১৭ মে, ২০২৬
মুক্তির পর থেকেই দর্শকদের নজর কাড়ছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘পাতি পাত্নী অর ওহ দো’। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি বক্স অফিসে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে। বিশেষ করে দ্বিতীয় দিনের আয় বৃদ্ধিতে বেশ আশাবাদী নির্মাতারা।
মুদাসসার আজিজ পরিচালিত এই ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে আলোচনা শুরু হয়েছিল। মুক্তির পর সেই আগ্রহই যেন প্রভাব ফেলছে বক্স অফিসে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রথম দিন অর্থাৎ শুক্রবার ভারতীয় বক্স অফিসে ছবিটি প্রায় ৪ কোটি টাকা আয় করে। আর শনিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৭৫ লক্ষ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রায় ৪৪ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে ছবিটির।

মজার বিষয় হলো, দ্বিতীয় দিনে ছবিটির প্রদর্শনীর সংখ্যা কিছুটা কমানো হলেও আয় বেড়েছে। শুক্রবার যেখানে ৬ হাজার ৮২২টি প্রদর্শনী হয়েছিল, সেখানে শনিবার হয়েছিল ৬ হাজার ৭১৭টি। তবুও দর্শকের আগ্রহে ঘাটতি পড়েনি।
দুই দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী ছবিটির আয় ইতিমধ্যেই ১৩ কোটি ৭০ লক্ষ টাকা ছাড়িয়েছে।
ছবিতে আয়ুষ্মান খুরানার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাকুল প্রীত সিং ও সারা আলি খান। পারিবারিক সম্পর্ক, প্রেম আর হাস্যরস মিলিয়ে তৈরি এই ছবিকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াও মিলছে দর্শকদের কাছ থেকে।
এটি ২০১৯ সালের জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার ও অনন্যা পাণ্ডে। সেই ছবিও পরিচালনা করেছিলেন মুদাসসার আজিজ।
নির্মাতাদের আশা, ইতিবাচক প্রতিক্রিয়া ও সাশ্রয়ী টিকিটমূল্যের কারণে সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়তে পারে।
পিআর/টিকে