দায়িত্ব, দুর্নীতি আর দ্বন্দ্বের গল্পে অন্য মেজাজে সাইফ
ছবি: সংগৃহীত
০৩:০৬ পিএম | ১৭ মে, ২০২৬
অভিনেতা সাইফ আলি খান আবারও ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন নতুন ছবি ‘কর্তব্য’-এ। পরিচালক পুলকিত নির্মিত এই ক্রাইম-ড্রামা ছবিতে দায়িত্ববোধ, দুর্নীতি, রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত সংকটের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে এক অন্য আবহে।
ছবির কেন্দ্রীয় চরিত্র পুলিশ অফিসার পবন মালিক। এক সাংবাদিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর তাঁর চোখের সামনেই ঘটে যায় খুনের ঘটনা। এরপর শুরু হয় তদন্ত, আর সেই তদন্তের মধ্য দিয়েই সামনে আসে প্রশাসনের অন্ধকার দিক, রাজনৈতিক প্রভাব এবং এক সৎ অফিসারের অন্তর্দ্বন্দ্ব।

এই ছবিতে সাইফ আলি খানের সংযত ও পরিণত অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। দীর্ঘদিন পর তাঁকে এমন এক গম্ভীর ও বাস্তবধর্মী চরিত্রে দেখা গেল, যা অনেক দর্শকের কাছেই তাঁর জনপ্রিয় চরিত্র সরতাজ সিংয়ের স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
ছবিতে রসিকা দুগ্গল নিজের স্বাভাবিক অভিনয় দক্ষতা বজায় রাখলেও তাঁর চরিত্রের পরিসর তুলনামূলকভাবে কম। অন্যদিকে সঞ্জয় মিশ্র এক ভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের চমকে দিয়েছেন। এছাড়া সাংবাদিক সৌরভ দ্বিবেদীর উপস্থিতিও ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে।
পরিচালক বাস্তবধর্মী পরিবেশ তৈরি করতে পরিচিত ছকের ওপরই ভরসা রেখেছেন। ছোট শহর, স্থানীয় অপরাধচক্র, রাজনৈতিক চাপ এবং পুলিশ অফিসারের ব্যক্তিগত সংকট এই সব মিলিয়েই এগিয়েছে গল্প। যদিও কিছু জায়গায় ছবির গতি ধীর হয়ে যায় এবং কয়েকটি মোড় আগেই অনুমান করা সম্ভব হয়।
তবু সব মিলিয়ে ‘কর্তব্য’ এমন একটি ছবি, যা একবার দেখার মতো বলেই মনে করছেন অনেক দর্শক। বিশেষ করে সাইফ আলি খানের অভিনয়ই ছবিটির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।
পিআর/টিকে