© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাম ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

শেয়ার করুন:
হাম ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ১৭ মে, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

 রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে হামে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন।


ইউটি/টিএ



মন্তব্য করুন