ধার করে বাবার জন্য ৯ লাখ টাকার ঘড়ি কিনে বকা খেয়েছিলেন সালমান!
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ১৭ মে, ২০২৬
কোটি কোটি টাকার তারকা তিনি। একের পর এক ব্লকবাস্টার ছবিতে ভর করে বলিউডে তৈরি করেছেন নিজের আলাদা সাম্রাজ্য। কিন্তু সেই সুপারস্টার জীবনের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। ক্যারিয়ারের শুরুর দিকে বাবার জন্য একটি দামি ঘড়ি কিনতে গিয়ে বন্ধুদের কাছ থেকে ধার করতে হয়েছিল সালমান খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই আবেগঘন স্মৃতি তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, উপার্জন শুরু করার পর প্রথম যে বিলাসবহুল জিনিসটি তিনি কিনেছিলেন, সেটি ছিল তাঁর বাবা সেলিম খানের জন্য একটি দামি রোলেক্স ঘড়ি। তবে সেই সময় ঘড়িটি কেনার মতো পর্যাপ্ত অর্থ তাঁর হাতে ছিল না। অভিনেতার কথায়, ঘড়িটির দাম ছিল প্রায় ৯ লাখ রুপি। কিন্তু তাঁর কাছে ছিল মাত্র ৪ লাখ। বাকি ৫ লাখ রুপি তিনি বন্ধুদের কাছ থেকে ধার করে জোগাড় করেছিলেন।
অনেক কষ্টে টাকা জোগাড় করে বাবার হাতে যখন সেই ঘড়ি তুলে দেন সালমান, তখন খুশির বদলে ছেলের উপর রেগেই গিয়েছিলেন সেলিম খান। ক্যারিয়ারের একেবারে শুরুতে ছেলের এমন ব্যয়বহুল উপহার মোটেও ভালোভাবে নেননি তিনি।
সালমান জানান, ঘড়িটি হাতে নিয়েই বাবা তাঁকে বলেছিলেন, “তুই তো এখনো ঠিকমতো কাজই শুরু করিসনি, এখন থেকেই এত নখরামি শুরু করে দিয়েছিস! নিজেকে রাজা-বাদশা ভাবিস নাকি?” তবে প্রথমে রাগ দেখালেও পরে সেই ঘড়িটিই সেলিম খানের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। শুধু ঘড়ি নয়, সেটিকে তিনি নিজের অলংকার বলেই মনে করতেন।

বছরের পর বছর সযত্নে ব্যবহার করার পর সেই বিশেষ ঘড়িটি আবারও ফিরে আসে সালমানের কাছেই। অভিনেতার ভাষ্য, পরে যখন তিনি নিজে ঘড়ি পরা শুরু করেন, তখন তাঁর বাবা সেই রোলেক্স ঘড়িটিই তাঁকে উপহার হিসেবে ফিরিয়ে দেন।
এদিকে সালমানের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই নেটদুনিয়ায় নানা আলোচনা রয়েছে। তবে সেই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি জানান, গত ২৬ থেকে ২৮ বছর ধরে তিনি নিয়মিত ঘড়ি পরেন না। এখন তাঁকে হাতে যেসব ঘড়ি দেখা যায়, তার বেশির ভাগই বন্ধুদের কাছ থেকে কিছু সময়ের জন্য নিয়ে পরেন। নিজের বলতে তাঁর কাছে রয়েছে কেবল সেই একটি রোলেক্স ঘড়ি, যেটি একসময় বাবার জন্য কিনেছিলেন তিনি।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই তারকা। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘মাতৃভূমি’ ছবিতে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।
অন্যদিকে দক্ষিণি অভিনেত্রীনয়নতারার সঙ্গে তাঁর নতুন ছবি ‘এসভিসি ৬৩’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ভামশী পৈদিপল্লী পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/এসএন