যে ২ ইচ্ছা পূরণ হয়নি কারিনা কায়সারের
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ১৭ মে, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের গত ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। লিভার-সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে।
কারিনার মৃত্যুর পর তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন ইন্ডাস্ট্রির তারকা ও নেটিজনরা। এছাড়া তার পুরোনো কিছু সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে বিভিন্ন মহলে।
এ তরুণী পর্দা ও পর্দার বাইরে একজন হাস্যোজ্জ্বল ও চঞ্চল প্রকৃতির ছিলেন। কনটেন্ট ক্রিয়েশন, চিত্রনাট্য লেখা ও অভিনয় নিয়েই ব্যস্ততা ছিল। তবে সোশ্যাল মিডিয়ায় তার প্রাণবন্ত উপস্থাপনা ও লাইফস্টাইল সংক্রান্ত কনটেন্ট জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে দেয় তাকে। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এর মধ্যে ‘৩৬-২৪-৩৬’ সিনেমায় অভিনয়ও করেছিলেন এ তরুণী।
এদিকে গত বছর একটি সাক্ষাৎকারে কাজ ও ব্যক্তিগত ব্যাপারে বিভিন্ন কথা বলেছিলেন কারিনা। সেখানে অভিনয়ের ব্যাপারে তিনি বলেছিলেন, অভিনেত্রী বা চিত্রনায়িকা হয়েছি, এ জন্য কৃতজ্ঞ আমি। তবে একটি কাজ করলেই মূলত কিছু হয় না, যদি এ ধরনের আরও কাজ করি, তাহলে নিজেকে অভিনেত্রী বলতে পারব।
এ সময় অভিনয়ের ব্যাপারে নিজের মজার অভিজ্ঞতার কথাও বলেন কারিনা। জানান- আগে যাদের নিয়ে মজা করতেন, তারাই এখন তাকে ফোন করে বলেন, ‘কী নায়িকা।’ আবার অভিনয় শুরুর আগে চিত্রনাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। নিজের লেখার দর্শন সম্পর্কে বলেন, সিরিজ আর সিনেমায় চিত্রনাট্য লেখার প্রক্রিয়া তেমন বিশেষ কিছু না, যেন মজা থাকে, সেটিই ছিল মাথায়।
এছাড়াও কারিনা তার ‘ইন্টার্নশিপ’র দ্বিতীয় পর্ব নিয়ে কাজের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ব্যাপারে বলেছিলেন, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন। প্রথম দুটি ভিডিও বেশ হিট হওয়ার পর নিয়মিত কনটেন্ট তৈরি করতে থাকেন।
এ অভিনেত্রী নিজের বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন একই সাক্ষাৎকারে। বলেছিলেন, আমার প্ল্যান একটাই, আমি কক্সবাজারে বিয়ে করতে চাই। থাইল্যান্ড যেতে চাই না, মালয়েশিয়াও যেতে চাই না, আমি কক্সবাজারেই বিয়ে করতে চাই।
এসএ/এসএন