এবার প্রকাশ্যে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক অভিযোগ রবি মোহনের
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ১৭ মে, ২০২৬
দক্ষিণি অভিনেতা রবি মোহনের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। স্ত্রী আরতি রবির সঙ্গে দীর্ঘ দাম্পত্য ভাঙনের পর এবার প্রকাশ্যে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন এই অভিনেতা।
একই সঙ্গে গায়িকা কিনিশা ফ্রান্সিসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জোর গুঞ্জন চলছে চলচ্চিত্র অঙ্গনে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রবি মোহন জানান, আরতির সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। এ সময় তিনি দাম্পত্য জীবনের টানাপোড়েন, মানসিক অবসাদ এবং পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খোলামেলা কথা বলেন।অভিনেতার দাবি, বিচ্ছেদের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং স্ত্রীর পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়েছে তাকে।
তিনি বলেন, ‘আমাকে সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।’ রবির অভিযোগ, সন্তানদের নিরাপত্তার জন্য দেহরক্ষী পর্যন্ত নিয়োগ করা হয়েছে। তিনি আরো দাবি করেন, পরিবারের অমতে বিয়ে করেছিলেন বলেই এখন সেই সিদ্ধান্তের ‘মূল্য’ দিতে হচ্ছে তাকে।

নিজের জীবনের এক অন্ধকার অভিজ্ঞতার কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন অভিনেতা। তিনি জানান, একসময় নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন। তবে সেই ঘটনার পরদিনও শুটিংয়ে উপস্থিত হয়েছিলেন। তার ভাষায়, ‘এটাই আমার পেশার প্রতি দায়বদ্ধতা।’
এদিকে আরো গুরুতর অভিযোগ এনে রবি মোহন বলেন, তার স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালোজাদু করছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি।
বিয়ের আগের পরিস্থিতি নিয়েও বিস্ফোরক দাবি করেন তিনি। রবির বক্তব্য অনুযায়ী, আরতি নাকি নিজের হাত কেটে তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন।
সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, তাকে মানসিকভাবে ‘ব্ল্যাকমেল’ করা হয়েছিল এবং সেই পরিস্থিতিতেই বিয়েতে রাজি হয়েছিলেন তিনি। অন্যদিকে, গায়িকা কিনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জনও উড়িয়ে দেননি অভিনেতা।
তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার কটূক্তি ও সাইবার বুলিংয়ের কারণে কিনিশা তার জীবন থেকে দূরে সরে গেছেন। তবে কঠিন সময়ে কিনিশা তার পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
২০০৯ সালে রবি মোহন ও আরতি রবি বিয়ে করেন। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এদিকে রবির অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার শাশুড়ি সুজাতা বিজয়কুমার।
তিনি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ‘সব শুনেছি। কে কাকে ব্ল্যাকমেল করেছিল! কে বিয়ের জন্য চাপ দিয়ে হাতের শিরা কেটেছিল? সব প্রমাণ আছে। ঠিক সময়ে সব প্রকাশ্যে আনব।’
সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
এসএ/এসএন