দাফনের সময় কারিনার ছবি ও কবর না দেখানোর অনুরোধ করলেন মা
ছবি: সংগৃহীত
০৬:৫৯ পিএম | ১৭ মে, ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফনের সময় ছবি ও কবরের দৃশ্য না দেখানোর অনুরোধ জানিয়েছেন তার মা লোপা কায়সার। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাসার উদ্দেশে রওনা দেওয়ার সময় এ অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিরা ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কারিনার মা লোপা কায়সার বলেন, ‘আমরা চাই না দাফনের সময় কারিনার ছবি ও কবর দেখানো হোক। এগুলো আমাদের ধর্মের পরিপন্থী। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন, ওর জানাজায় অংশ নিন।’
রোববার (১৭ মে) বিকেলে তার মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের পর বিমানবন্দর থেকে বিকেল ৫টা ২৬ মিনিটে বাসার উদ্দেশে রওনা দেন তার বাবা কায়সার হামিদ। এ সময় মেয়ের কফিন দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়রাও।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস মসজিদে। পরে আরও একাধিক স্থানে জানাজা শেষে তাকে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কারিনা কায়সার দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসএন