থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কী বললেন রজনীকান্ত?
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ১৭ মে, ২০২৬
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অবশেষে মুখ খুললেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে চলা বিতর্ক নিয়ে। সম্প্রতি বিজয়কে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব না দেয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরপরই চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা।
রজনীকান্ত বলেন, নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। তাই ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ার আগেই তিনি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পর তিনি ডিএমকে সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন। সেটি নিয়েও নানা আলোচনা তৈরি হয়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, স্টালিনের সঙ্গে আমার বন্ধুত্ব বহু বছরের। এটি রাজনীতির বাইরের সম্পর্ক। কুলাথুরে তার পরাজয়ে আমি কষ্ট পেয়েছি। নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন না জানানোর অভিযোগও উড়িয়ে দেন রজনীকান্ত। তিনি বলেন, বিজয় জয়ের পরপরই আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি। অপ্রয়োজনীয় মন্তব্য করার মানুষ আমি নই।

এ সময় বিজয়ের সঙ্গে নিজের তুলনা টানা নিয়েও কথা বলেন তিনি। রজনীকান্ত বলেন, আমি তো রাজনীতিতেই নেই, তাহলে বিজয়কে নিয়ে হিংসা কেন করব? আমার আর বিজয়ের মধ্যে প্রজন্মগত পার্থক্য রয়েছে। আমাদের প্রতিযোগী হিসেবে দেখানোও ঠিক নয়। এর আগে গত ১২ মে চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকরা বিজয়কে নিয়ে প্রশ্ন করলে কোনও মন্তব্য না করে হাসিমুখে হাত জোড় করে চলে যান রজনীকান্ত। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়।
তবে বিজয়ের রাজনৈতিক যাত্রায় রজনীকান্ত আগেও সমর্থন জানিয়েছেন। এমনকি বিজয়ের সিনেমা ‘জানা নায়গান’-এর একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায়ও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, এ ধরনের কাজ সিনেমা শিল্পের জন্য ক্ষতিকর এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত।
এসএ/এসএন