ভারতীয় ক্রিকেটারকে নিয়ে প্রেমের গুঞ্জনে আলোচনায় শ্রীলীলা
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ১৭ মে, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তরুণ অভিনেত্রী শ্রীলীলা এবার আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে। ভারতীয় ক্রিকেটার তিলক ভার্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রাম রেডিট ও এক্সে ছড়িয়ে পড়েছে দাবি শ্রীলীলা ও তিলক ভার্মা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তবুও ভক্তরা দুজনের প্রতিটি প্রকাশ্য উপস্থিতি খুঁটিয়ে দেখছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে জল্পনা বাড়িয়েছে। সেখানে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ তিলক ভার্মাকে মজা করে ‘প্রেমে পড়েছে’ বলতে শোনা যায়। হোটেল লবিতে হেডফোন পরে হাঁটতে থাকা তিলককে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেন তিনি।
যদিও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি তবুও অনেক নেটিজেন সেটিকে শ্রীলীলার সঙ্গেই যুক্ত করেছেন। এরপর থেকেই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শ্রীলীলা ও তিলক ভার্মাকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর আগে মা ডা. স্বর্ণলতার সঙ্গে তিরুমালা মন্দিরে যান শ্রীলীলা। প্রায় একই সময় সেখানে তিলক ভার্মাকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে বলে দাবি ওঠে।
এ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালে ধর্মশালায় শ্রীলীলার মাকে দেখা যাওয়ার খবরও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভক্তরা আরও লক্ষ্য করেন মুম্বাইয়ের বিভিন্ন ক্রিকেট ম্যাচে এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছেন শ্রীলীলার টিমের কয়েকজন সদস্যকে তিলকের নাম লেখা জার্সি পরেও দেখা গেছে। এসব ঘটনাই সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
তবে এত আলোচনা ও সমালোচনার মধ্যেও শ্রীলীলা কিংবা তিলক ভার্মা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অনেকের মতে পুরো বিষয়টি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জল্পনাও হতে পারে।
কাজের দিক থেকে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। তেলেগু তামিল ও হিন্দি ভাষার একাধিক সিনেমা নিয়ে কাজ করছেন তিনি। খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। নির্মাতা অনুরাগ বসুর নতুন রোমান্টিক ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে।
অন্যদিকে মাঠে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিলক ভার্মা। ভারতীয় জাতীয় ক্রিকেট দল ও মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলেই নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছেন এই তরুণ ব্যাটার।
এসএ/এসএন