‘দেয়াল থেকে ডিজিটাল দুনিয়া’ এবার সমালোচনায় বাপ্পারাজ
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ১৭ মে, ২০২৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সমালোচনার তীর ছুড়লেন সেইসব মানুষদের দিকে, যারা একসময় দেয়ালে লিখে অন্যকে হেয় করত, আর এখন সোশ্যাল মিডিয়ায় এসে একই কাজ করছে আরও আধুনিকভাবে, আরও গোপনে।
বাপ্পারাজ দেশের একটি গণমাধ্যমকে বলেন, আগে স্কুল, কলেজ কিংবা মহল্লার দেয়ালে ছিল কিছু নাম-না-জানা ‘লেখক’। তাদের সাহস ছিল না প্রকাশ্যে আসার, তাই লুকিয়েই অন্যকে ছোট করাই ছিল তাদের মূল লক্ষ্য। সৃজনশীলতা নয়, বরং বিদ্বেষ ও খোঁচা-খুচির ভাষাই ছিল তাদের হাতিয়ার। দেয়ালে লেখার সময় পেরিয়ে গেলেও সেইসমস্ত লেখকরা মাধ্যম পাল্টিয়ে ডিজিটালভাবে আক্রমণের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।’

বাপ্পা আরও বলেন, আজকের ডিজিটাল যুগে সেই দেয়ালের লেখকরা এসে বসেছে ফেসবুকের কমেন্ট বক্সে। ভুয়া আইডি তৈরি করে নিজের পরিচয় গোপন করে তারা অন্যকে ছোট করার নোংরা আনন্দে মেতে ওঠে। কারো ব্যক্তিগত অর্জন, ক্যারিয়ার, কিংবা মতামতের ওপর তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়ে তারা সৃষ্টি করছে নেতিবাচক এক পরিবেশ।
বাপ্পারাজের মতে, এরা গোপন আক্রমণকারী, সামনে দাঁড়িয়ে কথার জবাব দেওয়ার সাহস নেই, কিন্তু অন্যকে টেনে নামাতে ওস্তাদ। তিনি বলেন, ‘আগে যারা দেয়ালে লিখে মানুষকে হেয় করতো, তারা এখন ডিজিটাল দেয়াল- ফেসবুকে এসে একই কাজ করছে।’
১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন। ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’,‘মা যখন বিচারক’,সৎ ভাইসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
এসএ/এসএন