পুরো বিষয়টিই আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে: সাইফ আলি খান
ছবি: সংগৃহীত
০৯:৪৫ পিএম | ১৭ মে, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে সাইফ আলি খান অভিনীত নতুন ছবি ‘কর্তব্য’। তবে ছবিটির মূল গল্পের চেয়েও এখন নেটদুনিয়ায় বেশি চর্চা হচ্ছে এর প্রচার অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিজের ছবিযুক্ত একটি বড় পোস্টারের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণামের ভঙ্গি করছেন সাইফ।
আর এই দৃশ্যকে ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে হাসির রোল, তৈরি হচ্ছে একের পর এক মজার ‘মিম’। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড নবাব নিজেই। এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে, তিনি কি সত্যিই নিজের ছবিকে প্রণাম করছিলেন?
প্রশ্নটি শুনেই হেসেই ফেলেন সাইফ। তিনি বলেন, ‘পুরো বিষয়টিই আসলে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আসলে নিজেকে প্রণাম করিনি। ওই বিশেষ মুহূর্তে আমি গোটা সিনেমাটা এবং এর পেছনে থাকা সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে চেয়েছিলাম।’

তার কথায়, ‘সামনে বড় পোস্টারটি ছিল বলেই সেটির দিকে হাত জোড় করেছিলাম। আমি সেটাকে আমার নিজের ছবি হিসেবে ভাবিনি, বরং পুরো সিনেমার একটি প্রতীক হিসেবেই দেখেছিলাম।’
সাইফ আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিচিত অনেকের কাছেই তাকে এই বিষয়ের ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বলেন, ‘আমার হাতের ভঙ্গিটা প্রণামের মতো দেখাচ্ছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা ছিল সবাইকে শুভেচ্ছা জানানো। ভাইরাল হওয়ার জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করে আমি এটি করিনি।’
এসএ/এসএন