শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত
১২:৩৭ এএম | ১৮ মে, ২০২৬
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও ‘জুলাইযোদ্ধা’ কারিনা কায়সারের জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ মে) রাত ১০টায় অনুষ্ঠিত এই জানাজায় দেশের বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যান সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা। রোববার বিকেলে তার মরদেহ দেশে পৌঁছানোর পর বনানীতে দুটি জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

জানাজার পূর্বে মেয়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে কান্নায় ভেঙে পড়ে দোয়া চান কারিনার বাবা কায়সার হামিদ। এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা খাতের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে লিভার ট্রান্সপ্লান্ট (যকৃৎ প্রতিস্থাপন) হয় না, এমনকি লিভারের সঠিক চিকিৎসাও মেলে না। হাসপাতালগুলোতে রোগী ভর্তি করলেই লাখ লাখ টাকার বিল করা হয়, কিন্তু সঠিক সেবা পাওয়া যায় না।
এদিকে কারিনা কায়সারের মা লোপা কায়সার অভিযোগ করে বলেন, অনেক টাকা খরচ করে ছেলেমেয়েরা চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করলেও তারা অনেকেই সঠিক চিকিৎসা বোঝে না। তিনি আরও অভিযোগ করেন, কারিনার আসল রোগ কী তা সঠিকভাবে নির্ণয় না করেই তাকে অতিরিক্ত ‘সিডাক্টিভ’ (ঘুমের ওষুধ) দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, যার কারণে তার ফুসফুস (লাং) অকার্যকর হয়ে পড়ে।
রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা প্রসঙ্গে কারিনার মা স্পষ্ট করে বলেন, তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। এমনকি ৫ আগস্টের পটপরিবর্তনের পর গণভবনে চুরির ঘটনার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি স্রেফ একটি ‘ফানি কন্টেন্ট’ বা রসাত্মক ভিডিও ছিল বলে তিনি উল্লেখ করেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার মুন্সীগঞ্জের আবদুল্লাহপুরে কারিনা কায়সারের দাফন সম্পন্ন হবে।
এসকে/এসএন