মুক্তি পাওয়ার পর জেলগেটে ফের আটক সাবেক এমপি শিখরের ভাই হিশাম
ছবি: সংগৃহীত
১২:৪৯ এএম | ১৮ মে, ২০২৬
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করে পুলিশ।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আসাদুজ্জামানের কনিষ্ঠ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রোববার বিকেলে কারামুক্ত হন। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করে।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন রোববার রাতে দেশের একটি গণমাধ্যমকে বলেন, আশরাফুজ্জামান হিশামকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়।
তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসকে/এসএন