© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হত্যা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার

শেয়ার করুন:
হত্যা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ এএম | ১৮ মে, ২০২৬
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে ৬ জনকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ছাত্র গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া বহুল আলোচিত ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে পুলিশ। পরে রোববার (১৭ মে) দুপুরে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় সাব্বির বিন শামসের (৫৭) কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অনুপ্রবেশের অভিযোগে শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পাঠানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
 
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘শনিবার রাতে আটক সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। পরে তাকে লালমনিরহাট সদর থানায় দায়ের করা আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।’
 
জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন তিনি। তার নামে দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) মামলা রয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন