গাইবান্ধায় ছাত্রদলের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০১:৫৮ এএম | ১৮ মে, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) রাতে এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। দুই গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পুরো এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, 'পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'
এসকে/টিএ