বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান
ছবি: সংগৃহীত
০২:০৫ এএম | ১৮ মে, ২০২৬
বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার (১৭ মে) রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং শিক্ষা-গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া, নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণেরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় নিউজ ল্যান্ডের হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও প্রশংসা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের কাউন্সিলর (এগ্রিকালচার) মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরআই/টিকে