© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির

শেয়ার করুন:
‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ১৮ মে, ২০২৬
মুক্তির সময় প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী আর জমকালো প্রচারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘থাগস অফ হিন্দুস্তান’। কিন্তু সিনেমা মুক্তির পরই যেন সব হিসাব উল্টে যায়। দর্শক থেকে সমালোচক প্রায় সব দিক থেকেই নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে ছবিটি। দীর্ঘদিন পর সেই ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির খান নিজেই।

সম্প্রতি এক আলোচনা সভায় অংশ নিয়ে অভিনেতা স্বীকার করেছেন, ছবিটি নির্মাণের সময় একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই ভুলের সবচেয়ে বড় প্রভাব পড়ে চিত্রনাট্যে। আমিরের দাবি, বারবার গল্পে পরিবর্তন আনতেই ছবির আসল শক্তিটা হারিয়ে যায়।

অভিনেতা জানান, সাধারণত কোনও সিনেমায় অভিনয়ের আগে তিনি গল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। চরিত্র নয়, বরং পুরো কাহিনিই তাঁর সিদ্ধান্তের মূল জায়গা। তবে ‘থাগস অফ হিন্দুস্তান’-এর ক্ষেত্রে তিনি সেই নিয়ম থেকে সরে এসেছিলেন। নিজের চরিত্রকে বেশি গুরুত্ব দিতে গিয়ে শেষ পর্যন্ত সেটিই উল্টো ফল এনে দেয় বলে মনে করছেন তিনি।



এই প্রসঙ্গেই জনপ্রিয় ছবি ‘শোলে’র সঙ্গে তুলনা টানেন আমির। তাঁর কথায়, ‘থাগস অফ হিন্দুস্তান’-এর মূল গল্পটিও অনেকটা ‘শোলে’র আদলে তৈরি হয়েছিল। যেমন ‘শোলে’তে পরিবারের হত্যার প্রতিশোধ নিতে ঠাকুর চরিত্রের পাশে দাঁড়িয়েছিল জয় ও বীরু, তেমনই এই ছবিতে ফতিমা সানা শেখ অভিনীত জাফিরা চরিত্রের পাশে ছিল ফিরঙ্গি।

কিন্তু সমস্যা শুরু হয় অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে। আমিরের দাবি, পছন্দের শিল্পীদের পাওয়ার জন্য বারবার চিত্রনাট্যে বদল আনা হয়েছিল। আর সেই কারণেই পরিচালক যে গল্পটি প্রথমে লিখেছিলেন, শেষ পর্যন্ত দর্শক তা দেখতে পাননি।

অভিনেতার ভাষায়, মানুষ ভুল করতেই পারে। তাঁদেরও ভুল হয়েছে। তবে সেই ভুলের মাশুল গুনতে হয়েছে পুরো ছবিকেই। কারণ, অতিরিক্ত পরিবর্তনের ফলে গল্পের মূল আবেগ ও শক্তি হারিয়ে যায়।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। কিন্তু ভারতে ছবিটির আয় দাঁড়ায় মাত্র ১৫১ কোটি টাকায়। এত বড় বাজেটের ছবির এমন ফলাফল তখন বলিউডে বড় ধাক্কা হিসেবেই দেখা হয়েছিল।

পিআর/টিকে

মন্তব্য করুন