© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজাগামী ফ্লোটিলা নিয়ে উত্তেজনা, বৈঠকে নেতানিয়াহু

শেয়ার করুন:
গাজাগামী ফ্লোটিলা নিয়ে উত্তেজনা, বৈঠকে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ১৮ মে, ২০২৬
গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজকের আলোচনায় মূল গুরুত্ব পেতে পারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত ত্রাণবাহী জাহাজ বহরকে থামানোর বিষয়টি-জানিয়েছে, ইসরায়েল ব্রডকাস্ট অথরিটি।

খবরে বলা হয়েছে, গাজায় চলমান নৌ অবরোধ কার্যকর রাখতে ফ্লোটিলার জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি ইসরায়েলি সেনাবাহিনীকে দিতে পারেন নেতানিয়াহু। এ নিয়ে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে।

ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, আগের যেকোনো অবরোধ ভাঙার চেষ্টার তুলনায় এবার পরিস্থিতি বেশি উত্তেজনাপূর্ণ ও সহিংস হতে পারে। এর অন্যতম কারণ, এবারের অভিযানের সঙ্গে তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যানিট্যারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) যুক্ত রয়েছে।

এই সংগঠনটি ২০১০ সালের আলোচিত মাভি মারমারা ঘটনার সঙ্গেও জড়িত ছিল। সে সময় গাজার উদ্দেশে যাত্রা করা ‘মাভি মারমারা’ জাহাজে অভিযান চালায় ইসরায়েলি কমান্ডো বাহিনী। ওই অভিযানে ১০ জন কর্মী নিহত হন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

সেই সময় ইসরায়েল সরকার দাবি করেছিল, তাদের সেনারা জাহাজে ওঠার পর ছুরি ও লাঠি নিয়ে হামলার মুখে পড়ে। এরপর আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়।

তবে ফ্লোটিলার আয়োজকেরা সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। তাদের দাবি ছিল, কোনো ধরনের উসকানি ছাড়াই ইসরায়েলি বাহিনী জাহাজে গুলি চালায়।

এদিকে ইসরায়েলের কান নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলার কোনো কর্মী সতর্কবার্তা পাওয়ার পরও ফিরে যেতে অস্বীকৃতি জানালে তাদের আটক করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ জন্য ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের একটি জাহাজে ভাসমান আটক কক্ষ তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন