© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার লালা অমরনাথের গল্পে আমির

শেয়ার করুন:
এবার লালা অমরনাথের গল্পে আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ১৮ মে, ২০২৬
ফের এক হচ্ছেন আমির ও আশুতোষ। অভিনেতা ও নির্মাতা জুটির আলোচিত সিনেমা ‘লগন’। ক্রিকেটকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের এ সিনেমার জনপ্রিয়তা পঁচিশ বছরেও ‘অম্লান’। সিনেমাটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। এবার এ নির্মাতা আবারও আমির খানকে সঙ্গে নিয়ে নতুন চ্যালেঞ্জে মাঠে নেমেছেন। এবারের চিত্রনাট্যও ক্রিকেটকে কেন্দ্র করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে ‘লগন’-এর মতো অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়; নতুন সিনেমায় আমির পর্দায় আসবেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে।

ভারতের ক্রিকেটের প্রবাদপ্রতিম লালা অমরনাথের বায়োপিক বানাতে চলেছেন আমির-আশুতোষ। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। দেশভাগের পর ওই প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের প্রথম ক্রিকেট খেলার লড়াই কীভাবে বন্ধুত্ব, দেশপ্রেমে প্রভাবিত করেছিল, সে গল্প তুলে ধরা হবে সিনেমায়।

আমির এ সিনেমায় লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন। যিনি নেতৃত্ব দিয়েছিলেন ঐতিহাসিক ওই সিরিজে ভারতীয় টিমকে। তবে আমিরের সঙ্গে আরও কারা আছেন, তা প্রকাশ করা হয়নি।



এ সিনেমার চিত্রনাট্যের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। সেই চিত্রনাচ্যে পরিচালক রাজকুমার হিরানিও অবদান রাখছেন। সিনেমার প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। বিশাল পরিসরের এ সিনেমার কাজ চলতি বছরের সেপ্টেম্বরের দিকে শুরু হতে পারে।

সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’ সিনেমার পর ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠানটির সঙ্গে আমির তৃতীয় কোনো কাজ নিয়ে যুক্ত হচ্ছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন