© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানি নোবেলজয়ী নার্গিস

শেয়ার করুন:
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানি নোবেলজয়ী নার্গিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১৮ মে, ২০২৬
ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালের হৃদরোগ বিভাগ (সিসিইউ) থেকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের কয়েক সপ্তাহ পর তাকে বাসায় পাঠানো হয়েছে। সোমবার মোহাম্মদির পরিবারের পরিচালিত ফাউন্ডেশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি ইরানে নারী অধিকার রক্ষা ও মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনে ভূমিকার জন্য ২০২৪ সালে কারাগারে থাকা অবস্থায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানিয়েছিল, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনার মধ্যেই তাকে নতুন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন বলেছে, গত মার্চের শেষের দিকে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে ধারণা করা হয়। এর এক মাস পর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানের একটি হাসপাতালে এবং পরে মোটা অঙ্কের জামিনে সাজা সাময়িকভাবে স্থগিত করার পর তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদির মেয়ে কিয়ানা রহমানির বরাত দিয়ে বলেছে, সুস্থতার জন্য কারাগারের বাইরে নার্গিস মোহাম্মদির চিকিৎসায় ব্যাপক তত্ত্বাবধান প্রয়োজন। তাকে আবারও বন্দিশালায় ফেরত পাঠানো হলে, সেটি হবে মৃত্যুদণ্ড কার্যকর করার শামিল।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। দেশটির সরকারি গণমাধ্যমেও এই ঘটনার বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

গত বছরের ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়। তার এই গ্রেপ্তারের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। সেই সময় একজন প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন, আলিকোর্দির স্মরণসভায় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

ওই ইরানি এই নোবেলজয়ীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল নোবেল কমিটি। ফাউন্ডেশন বলেছে, নার্গিস মোহাম্মদিকে প্রথমে ১ মে থেকে ১০ মে পর্যন্ত জানজানের মুসাভি হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘‘মাশহাদে অন্যায়ভাবে গ্রেপ্তারের ১৫০ দিন পর... সাজা সাময়িকভাবে স্থগিত হওয়ায় ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্স যোগে তেহরানের পারস হাসপাতালের সিসিইউতে রাখা হয়।’’

সূত্র: রয়টার্স।

এসএন 

মন্তব্য করুন