© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবাহবিচ্ছেদ আমার কাছে বড় ব্যাপার নয়: হর্ষ

শেয়ার করুন:
বিবাহবিচ্ছেদ আমার কাছে বড় ব্যাপার নয়: হর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ১৮ মে, ২০২৬
একসময় প্রেম থেকে বিয়ে, তারপর তিক্ত বিচ্ছেদ অভিনেত্রী শেফালি শাহ ও অভিনেতা হর্ষ ছায়ার সম্পর্কের গল্প যেন বলিউডের এক বাস্তব অধ্যায়। বহু বছর পর সেই ভাঙা দাম্পত্য নিয়েই এবার খোলামেলা কথা বললেন হর্ষ।

অভিনয়ের সূত্রেই আলাপ হয়েছিল শেফালি শাহ ও হর্ষের। সেই পরিচয় দ্রুতই প্রেমে বদলে যায়। পরে ১৯৯৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকা হলেও সুখের হয়নি সেই সংসার। প্রায় ছয় বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হর্ষ জানান, তাঁদের বিচ্ছেদ ছিল যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা। বিচ্ছেদের পরে আর কোনও সম্পর্ক বা বন্ধুত্বও বজায় রাখেননি তাঁরা। তাঁর কথায়, দু’জনেই চেয়েছিলেন যত দ্রুত সম্ভব সম্পর্ক থেকে বেরিয়ে আসতে।

হর্ষ মনে করেন, সব সম্পর্ক দীর্ঘদিন টিকবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাঁর মতে, দু’জন মানুষ সারাক্ষণ একসঙ্গে থাকতে পারবেন, এমন ভাবনাও বাস্তবসম্মত নয়। তাই সম্পর্ক যখন আর কাজ করে না, তখন অযথা টেনে না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভাল।



অভিনেতার ভাষায়, তাঁর কাছে বিবাহবিচ্ছেদ খুব বড় কোনও বিষয় নয়। বরং তিনি বিশ্বাস করেন, না থাকার হলে সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসাই শ্রেয়। তবে এই কঠিন সময় যে তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, সেটিও স্বীকার করেছেন হর্ষ।

বিচ্ছেদের পর প্রথম পাঁচ-ছয় মাস খুব কষ্টে কেটেছিল তাঁর। একা একাই চিৎকার করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু নিজের সেই কষ্ট কখনও প্রকাশ্যে আনতে চাননি। সেই কারণেই নাকি নিজেকে ব্যস্ত রাখতে একাধিক নারীর সঙ্গে মেলামেশা শুরু করেছিলেন তিনি।

অন্যদিকে, বিচ্ছেদের পর পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন শেফালি শাহ। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর। হর্ষও পরে অভিনেত্রী সুনীতা সেনগুপ্তকে বিয়ে করেন।

তবে অতীতের দিকে এখন আর ফিরে তাকাতে চান না অভিনেতা। বিচ্ছেদের পর প্রায় ২৫ বছর কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু অনুতাপ তৈরি হলেও, সেই অধ্যায়কে পেছনেই ফেলে এগিয়ে যেতে চান তিনি।

পিআর/টিকে


মন্তব্য করুন