এবার অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘রইদ’
ছবি: সংগৃহীত
০৬:৪৪ পিএম | ১৮ মে, ২০২৬
বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল পরিচালক মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’-এর মাধ্যমে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে।
এর আগে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব আইএফএফআইতে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ‘রইদ’ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউরোপের জনপ্রিয় পর্যটন ও শীতকালীন ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ইনসব্রুক। ১৯৬৪ ও ১৯৭৬ সালের শীতকালীন অলিম্পিকও অনুষ্ঠিত হয়েছিল এই শহরে। মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমকালীন বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই উৎসব।
বিশ্বের বিভিন্ন দেশের স্বতন্ত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে এর আগে অংশ নিয়েছেন বলিভিয়ার কিরো রুসো, ইরানের পানাহ পানাহি, ইথিওপিয়ার হাইলে গেরিমা ও ভারতের শাজি এন. করুণের মতো খ্যাতিমান নির্মাতারা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের ‘রইদ’।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি সিনেমার অর্জন নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক।
লোকজ আবহ, নান্দনিক নির্মাণভাষা ও মানবিক গল্প বলার কারণে ‘রইদ’ ইতোমধ্যেই ২০২৬ সালের আলোচিত বাংলা সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।
পিআর/টিকে