ফের ছোটপর্দায় ফিরছেন সৃজলা গুহ!
ছবি: সংগৃহীত
০৬:৫৪ পিএম | ১৮ মে, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সৃজলা গুহ। তবে নতুন কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে নয়, বরং বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসার রং রুট’-এর বিশেষ পর্বে হাজির হচ্ছেন অভিনেত্রী।
ধারাবাহিকের গল্পে এবার জমজমাট পিকনিক পর্ব। রেহান ও রূপাইয়ের উদ্যোগে মল্লিক এবং সাহা পরিবার একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। এ বছরের পিকনিক আরও বিশেষ হয়ে ওঠে, কারণ দুই পরিবারকে একসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আনন্দের মাঝেই শুরু হয় নতুন অশান্তি।

রূপাইয়ের মধ্যবিত্ত পরিবারকে নিয়ে একসঙ্গে যেতে মোটেই খুশি নয় মানসী ও মিশকা। শুরু থেকেই নানা সমস্যা তৈরি করতে থাকে তারা। এর মধ্যেই শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় বুক করা গাড়ি। সবাই যখন বিপাকে, তখন রূপাই নিজেই বাস চালিয়ে সবাইকে পিকনিক স্পটে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়।
পিকনিকে পৌঁছে প্রথমে আনন্দেই মেতে ওঠে সকলে। খাওয়া-দাওয়া, গান আর নাচে জমে ওঠে পরিবেশ। সেই পর্বেই বিশেষ আকর্ষণ হয়ে উঠবেন সৃজলা গুহ। অভিনেত্রীকে দেখা যাবে নাচের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণ এনে দিতে। পাশাপাশি গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের গানও থাকছে এই বিশেষ পর্বে।
তবে আনন্দের আড়ালেই তৈরি হচ্ছে বড় চক্রান্ত। রূপাইকে রেহানের জীবন থেকে সরিয়ে দিতে ভয়ঙ্কর পরিকল্পনা করে মানসী, মিশকা ও ডক্টর মধুমিতা। তারা ঠিক করে, রূপাইকে মারাত্মক ইনজেকশন দিয়ে ক্ষতি করবে, যাতে মধুমিতার জন্য পথ পরিষ্কার হয়।
অন্যদিকে, পিকনিকের মধ্যেই চুরির পরিকল্পনাও শুরু হয়। সব মিলিয়ে আনন্দ, ষড়যন্ত্র ও নাটকীয়তায় ভরপুর হতে চলেছে ধারাবাহিকের আগামী কয়েকটি পর্ব।
১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। আর সেই পর্ব দিয়েই আবার ছোটপর্দায় ফিরছেন সৃজলা গুহ।
পিআর/টিকে