© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওটিটিতে ‘আনকাট’ ধুরন্ধর ২, সেন্সরবিহীন দৃশ্য ঘিরে তুমুল আলোচনা

শেয়ার করুন:
ওটিটিতে ‘আনকাট’ ধুরন্ধর ২, সেন্সরবিহীন দৃশ্য ঘিরে তুমুল আলোচনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৮ মে, ২০২৬
ভারতের দর্শকরা যখন ওটিটি প্ল্যাটফর্ম জিও-হটস্টারে 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ' সিনেমাটির জন্য অপেক্ষা করছেন, আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে তখন সিনেমাটির ‘সেন্সরবিহীন সংস্করণ’ প্রকাশ পেয়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনাও।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার গত ১৪ মে থেকে নেটফ্লিক্সে চলছে। ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) সিনেমা হলে প্রদর্শনের জন্য যে দৃশ্যগুলো ছেঁটে দিয়েছিল, ওটিটিতে সেসব দৃশ্যসহই সিনেমাটি এসেছে।

সেগুলোর মধ্যে রয়েছে গলাকাটা, মাথা থেঁতলে দেওয়ার দৃশ্য, অতিরিক্ত রক্তাক্ত অ্যাকশন এবং কাটা মাথা নিয়ে ফুটবল খেলার দৃশ্যও। নেটফ্লিক্সে যারা এটি দেখছেন, তাদের বর্ণনা অনুযায়ী এটি সিনেমা হলের চেয়ে অনেক বেশি নির্মম ও সাবলীল।

এছাড়া সিনেমা হলের সংস্করণে যেখানে গালিগালাজগুলো শব্দহীন করে দেওয়া হয়েছিল, নেটফ্লিক্সে তা কোনো সেন্সর ছাড়াই রাখা হয়েছে।
উজাইর বালোচের চরিত্রের একটি দৃশ্য আলোচিত সংযোজনগুলোর একটি। ওই দৃশ্যে তাকে আরশাদ পাপ্পুর কাটা মাথা নিয়ে ফুটবল খেলতে দেখা যায়।

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আনকাট সংস্করণের দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৫২ মিনিট, যা প্রেক্ষাগৃহেটির তুলনায় প্রায় ৩ মিনিট বেশি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইপি স্বত্ব সংক্রান্ত একটি চলমান মামলায় সিনেমাটি এখনই ওটিটিতে মুক্তি দিতে পারছে না। তবে জিও-হটস্টারে সেন্সর বোর্ড অনুমোদিত সিনেমা হলের সংস্করণটিই দেখানো হবে।

নির্মাতা আদিত্য বোম্বে হাই কোর্টকে জানিয়েছেন, মে মাসের মাঝামাঝির আগে ভারতে ওটিটিতে মুক্তি দেওয়া সম্ভব নয়। যদিও মাঝামাঝি সময় এখনই কিন্তু মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।



এই অ্যাকশননির্ভর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাণবীর সিং, সিনেমায় তাকে একজন 'র' এর এজেন্ট হিসেবে দেখা গেছে, যিনি করাচিতে ছদ্মনামে দ্বৈত জীবন যাপন করেন।

সিনেমায় আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্ত।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি গত বছর মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে খল চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এখন দ্বিতীয় কিস্তি মুক্তির পর ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা আরও বেড়েছে। দুই কিস্তির এই সিনেমার সম্মিলিত বৈশ্বিক আয় ইতিমধ্যে ৩ হাজার ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন