© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লক্ষ্মীর ভান্ডারের’ বদলে অন্নপূর্ণা যোজনা চালু পশ্চিমবঙ্গে

শেয়ার করুন:
‘লক্ষ্মীর ভান্ডারের’ বদলে অন্নপূর্ণা যোজনা চালু পশ্চিমবঙ্গে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ১৮ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের নারীদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্পটি নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট আলোচনা হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প শুরু করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নবগঠিত মন্ত্রিসভা আজ নারীকেন্দ্রিক ভাতা প্রকল্প, অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘অন্নপূর্ণা যোজনা’ নামক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্পের মাধ্যমে পয়লা জুন থেকে নারীদের প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাঠানো হবে।

তিনি বলেন, “আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা [ভাতা] পাননি এতদিন তারা আবেদন করতে পারবেন।”

যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাদের সরাসরি অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। এ বছরের পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

এ ছাড়া, মিজ. পাল জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া বিভিন্ন সহায়তামূলক প্রকল্প জুন মাস থেকে বন্ধ করা হবে।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন রাজ্যের একাধিক মুসলিম সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট প্রধানত মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে ধর্মই ছিল “একমাত্র মাপকাঠি”।

হাইকোর্টের এই রায়ের ফলে ২০১০ সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

পরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হলে, শীর্ষ আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে।

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর ১৪ই মে সিদ্ধান্ত নিয়েছে, ২০১১ সাল থেকে ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট পুনর্বিবেচনা করা হবে।

সূত্র: বিবিসি

টিজে/টিকে 

মন্তব্য করুন